প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২:৪২
ভালো উপস্থিতি ও আচরণের স্বীকৃতিতে বাবুরহাট স্কুলের ১৮ শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলাবোধ, সুন্দর আচরণ এবং শ্রেণিকক্ষে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। এরই ধারাবাহিকতায় দীর্ঘ এক বছর পাঠদান কার্যক্রম শেষে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং সহকারী শিক্ষক জাকির হোসেন ও রোকসানা খানম।
জানা যায়, শ্রেণিকক্ষে সর্বোচ্চ উপস্থিতি, ভালো আচরণ, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং শ্রেণি কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। কয়েক বছর ধরে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ এ ধরনের উৎসাহমূলক আয়োজন করে আসছে।
শিক্ষাসামগ্রী বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা, অধ্যবসায় ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং সময়ানুবর্তিতা, নৈতিকতা, শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের বিকাশেও এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
আয়োজকরা মনে করেন, ছোট ছোট স্বীকৃতি ও অনুপ্রেরণা একজন শিক্ষার্থীর জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আজকের এই উৎসাহ আগামী দিনে তাদের আরও মনোযোগী, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে তুলবে।
পুরস্কারপ্রাপ্ত সব শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, ভালো আচরণ করা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার অনুপ্রেরণা জোগাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।







