প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:২৯
ভূমি সেবায় অনন্য নজির রেখে কচুয়া ছাড়ছেন এসিল্যান্ড মোহাম্মদ আবু নাছির

প্রজাতন্ত্রের মালিক জনগণ, সরকারি কর্মচারীরা তার সেবক মাত্র—সংবিধানের এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কচুয়া উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির। ভূমি অফিসে সাধারণ মানুষের যাতায়াত সহজ করা, নামজারি ও জমা খারিজ, মিস কেসসহ জমি সংক্রান্ত যে কোনো সমস্যায় সেবাগ্রহীতাদের ভরসাস্থল ছিলেন তিনি। সর্বস্তরের মানুষের জন্য তাঁর দপ্তরের দরজা সবসময় খোলা ছিলো। তিনি মনোযোগ দিয়ে সবার সমস্যা শুনতেন এবং সমাধানের উদ্যোগ নিতেন। সবার কাছেই তিনি একজন মানবিক ও কর্মতৎপর সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে পরিচিতি পান। সম্প্রতি তাঁর পদোন্নতিজনিত বদলির খবরে কচুয়ার সাধারণ মানুষের মাঝে আবেগের সৃষ্টি হয়; বিশেষ করে নিম্নআয়ের ও অসহায় মানুষেরা তাঁর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
|আরো খবর
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা ভূমি অফিসে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছিরের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. নজরুল ইসলাম, নাজির মো. সোহাগ হোসেন, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী, পাথৈর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিশিত দত্ত, সাচার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একরামুল হক, গুলবাহার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রবিউল আলম, গোহট উত্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাছুম বিল্লাহ এবং গোহট দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জামশেদ আলম। সংবর্ধনা শেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মোহাম্মদ আবু নাছির বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ৯ আগস্ট কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই সততা, কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী ও সেবাপ্রার্থীসহ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে জনবান্ধব হয়ে ওঠেন। প্রায় এক বছর দুই মাসের দায়িত্ব পালনকালে স্বল্প সময়ে সততা ও দক্ষতার সঙ্গে রেকর্ড পরিমাণ নামজারি ও জমা খারিজ নিষ্পত্তি করে তিনি প্রশংসা কুড়ান। পাশাপাশি সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং বাজার তদারকির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিদায়ী বক্তব্যে মোহাম্মদ আবু নাছির বলেন, “কচুয়ার সর্বস্তরের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। দায়িত্ব পালনকালে কোনো বিষয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
উল্লেখ্য, পদোন্নতিজনিত বদলির পর মোহাম্মদ আবু নাছিরকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।








