প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৮:০২
এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে মুছা কাজেম খান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে কিশোর গ্যাং। এ ঘটনায় আক্রান্ত ছাত্রের বাবা চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে ২০২৬) জুমার নামাজের পর।
জানা যায়, মুছা কাজেম খান তার বন্ধুদের সাথে জুমার নামাজ পড়ে রিকশায় করে বাসায় ফিরছিলো। হঠাৎ করে কিশোর গ্যাংয়ের ৮/১০ সদস্য এসে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হামলার ঘটনায় আহত মুছা কাজেম খানের পিতা কাইউম খান ২ জনের নাম উল্লেখ করে ও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কাইউম খান বলেন, আমার ছেলের ওপর কিশোর গ্যাং সদস্যরা অন্যায়ভাবে হামলা করেছে। আমার ছেলের মতো আর কোনো ছেলে যেনো কিশোর গ্যাংয়ের হামলার শিকার হতে না হয়। আমি প্রশাসনের নিকট সঠিক বিচার চাই। হামলার ঘটনায় মামলা দায়ের করেছি।








