সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮

গরুর বর্জ্যে পরিবেশ দূষণ, চাঁদপুরে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন
গরুর বর্জ্যে পরিবেশ দূষণ, চাঁদপুরে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে বসতবাড়িতে গরুর বর্জ্য অপরিকল্পিতভাবে ফেলে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টির দায়ে নাজির গাজী নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নাজির গাজী তার বসতবাড়িতে উন্মুক্তভাবে গর্ত করে গরুর বর্জ্য অপসারণ করছিলেন। এতে বর্জ্য ও দূষিত পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে পার্শ্ববর্তী নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিলো। একই সঙ্গে এ ধরনের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণেরও সৃষ্টি হচ্ছিলো।

এ অপরাধে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত নাজির গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি অপসারিত গরুর বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট খামারিকে নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়