সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২১:২৫

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জসীমউদ্দীন হৃদয়।।
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে শিক্ষকরা তাঁদের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন তপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নেয়ামুল হোসাইন তুহিন।

সিনিয়র সহকারী শিক্ষক মো. সুমন মাস্টারের সঞ্চালনায় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালী ও সহকারী প্রধান শিক্ষক মো. কামাল হোসাইনসহ অন্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিলান না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষায় আলোকিত করেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করারই নামান্তর।

শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ও আর্থিক নিরাপত্তায় এখনো নানা বৈষম্য বিদ্যমান। একই দায়িত্ব পালন করেও অনেক শিক্ষক কাঙ্ক্ষিত বেতন ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। সময়োপযোগী বেতন কাঠামো, নিয়মিত বাড়িভাড়াসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, চাকরির নিরাপত্তা এবং পেনশন সুবিধাসহ এই বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে।

শিক্ষকরা তাঁদের ন্যায্য অধিকারের পাশাপাশি নিজেদের জবাবদিহিতা ও পেশাগত দক্ষতা বজায় রেখে একটি বৈষম্যহীন মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

---

**

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়