প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৪:৫৫
শ্রীনগরে ভৌতিক বিদ্যুৎ বিল ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মিটার রিডারদের ঘেরাও

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘন ঘন লোডশেডিং, না জানিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং অতিরিক্ত ও ভৌতিক বিদ্যুৎ বিল প্রদানের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
|আরো খবর
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় পল্লী বিদ্যুতের মিটার রিডাররা বাঘড়া বাজারে দায়িত্ব পালন করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ঘেরাও করেন।
ক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রতিদিন নিরবচ্ছিন্ন লোডশেডিংয়ের কারণে তাদের ব্যবহৃত বাতি, পাখা, ফ্রিজ ও এসি বিকল হয়ে পড়ছে। রাতে বিদ্যুৎ না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় চরম ব্যাঘাত ঘটছে এবং তীব্র গরমে শিশু ও বয়স্করা জ্বর, সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তারা আরও বলেন, চাহিদামতো বিদ্যুৎ না পেলেও মাস শেষে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অতিরিক্ত ও অস্বাভাবিক ভৌতিক বিল। পাশাপাশি কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই হুটহাট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাও ঘটছে।
এ সময় ব্যবসায়ীরা বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা, ভৌতিক বিল বন্ধ এবং নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানান।
উপস্থিত মিটার রিডাররা ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে সহমত পোষণ করেন এবং এসব সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করার পরামর্শ দেন।








