প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২১:৫৮
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

চাঁদপুরের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় মাঠে সুসজ্জিত প্যান্ডেলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদায় বেলায় প্রিয় শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে পঞ্চম শ্রেণির অনেক শিক্ষার্থীকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিনুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার শিক্ষক মাওলানা মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মজুমদার লিটন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জুয়েল, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়সহ শিক্ষক নাসির উদ্দিন নাসির, সিক্তা রাণী দে, সালেহা বেগম, স্বপ্না রাণী, ববিতা রাণী দে ও ফাতেমাতুজ জোহরাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটির সভাপতিসহ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি মো. মহরম খান (কাকন খান)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হান্নান মাল, মোহাম্মদ জাহাঙ্গীর শেখ, পিটিএ সদস্য মো. হানিফ, সাংস্কৃতিক ও সংবাদকর্মী পলাশ কুমার দে, জেসমিন আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক হাসিনা খাতুন, মো. রুবেল ঢালী, শ্যামলী রাণী প্রমুখ।








