প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২২:৩৬
মেনাপুরে দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সম্পন্ন, ৮ ছাত্রকে পাগড়ি প্রদান

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাজার পীর বাদশা মিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের উদ্যোগে দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনের শেষ দিনে পবিত্র কোরআনের হাফেজ আটজন ছাত্রকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়।
|আরো খবর
গত ২৬ ও ২৭ নভেম্বর ২০২৬ মেনাপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ সম্মেলন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মহাসম্মেলনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান-আকিদা, নামাজ, রোজা, নৈতিক শিক্ষা এবং মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের আদর্শ অনুসরণের ওপর আলোচনা করা হয়।
সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথি ছিলেন পাটোয়ারী গ্রুপের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম বুলবুল পাটোয়ারী এবং সভাপতিত্ব করেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজারগাঁও ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সিদ্দিকুর রহমান এবং ইউপি সদস্য মো. ইমাম হোসেন।
দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজারগাঁও ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল করিম বেপারী। মাদ্রাসার সভাপতি মো. ইকবাল হাসান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মো. আবুল কালাম আজাদ এবং রাজারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মাকছুদুল আলম শুক্কুর ঢালী।
মহাসম্মেলন পরিচালনা করেন শিক্ষক মো. আকতার হোসেন প্রধানীয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার পরিচালক মুফতি মাওলানা মো. সাহাদাত হোসাইন। সম্মেলনে আমন্ত্রিত দেশবরেণ্য আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তাঁদের আলোচনায় ধর্মীয় অনুশাসন মেনে চলা, অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই প্রত্যেক মুসলমানকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।
সম্মেলনের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকাবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।







