প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২০:১৩
চাঁদপুর-শরীয়তপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে সেতু কর্তৃপক্ষ ও আইআইএফসির চুক্তি

চাঁদপুর-শরীয়তপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের লক্ষ্যে লেনদেন বিষয়ক পরামর্শক সেবা নিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে 'পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) ভিত্তিতে শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য লেনদেন বিষয়ক পরামর্শক সেবা' শীর্ষক এই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। অনুষ্ঠানে তিনি নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কাজ শেষ করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিয়ে আইআইএফসিকে সহায়তা করার জন্য সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন। এ কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
সেতু বিভাগের সচিব আরও জানান, প্রস্তাবিত সেতুটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে জাপান সরকারের মনোনীত মিয়াগাওয়া-কনসেটসু ও জাপান ব্রিজ কোম্পানি কাজ করবে।
আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, কাজের গুণগত মান অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কার্যক্রম শেষ করতে আইআইএফসি সর্বাত্মক চেষ্টা করবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আগের কাজের ধারাবাহিকতায় এ ক্ষেত্রেও গুণগত মান ও পেশাগত উৎকর্ষ বজায় রাখা হবে।
চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন। এ সময় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইআইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








