বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২১:০৩

দিবসগুলোর চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : চাঁদপুরের জেলা প্রশাসক

চাঁদপুর মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

চাঁদপুর মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
অনলাইন ডেস্ক

আগামী ৮ ডিসেম্বর ‘চাঁদপুর মুক্ত দিবস’, ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও অহংকারের মাস। এ মাসের তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস—চাঁদপুর মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে উদযাপন করা হবে। দিবসগুলোর সঠিক ইতিহাস ও চেতনা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জাতীয় কর্মসূচির আলোকে জেলায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বসার আলাদা ও সম্মানজনক ব্যবস্থা থাকবে এবং তারা সার্বিক কার্যক্রম মনিটরিংয়ে প্রশাসনকে সহায়তা করবেন। এবারের বিজয় মেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হবে। সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ও সঠিক মাপে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করার পাশাপাশি পুরো শহরজুড়ে বিজয় দিবসের আমেজ ফুটিয়ে তোলার নির্দেশ দেন তিনি। এছাড়া জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবসের অনুষ্ঠান যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনিটরিং করার আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উদযাপনে সকল সরকারি দপ্তর ও অধীনস্থ প্রতিষ্ঠানে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে হবে। পাশাপাশি দিবসগুলোর প্রতিটি কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, বিশিষ্ট নাট্যকার লিটন ভূঁইয়া এবং সাংস্কৃতিক সংগঠক মোবারক হোসেন শিকদারসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এর আগে সভার শুরুতে দিবসগুলোর কর্মসূচির রূপরেখা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়