প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৩:৪২
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের যুগপূর্তি
১৩ নভেম্বর মঞ্চস্থ হবে গীতিনাট্য ‘মলুয়া সুন্দরী’
‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সৌদি আরবের মরুপ্রান্তরে যাত্রা শুরু করেছিলো ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’। দেখতে দেখতে সাফল্যের ১২ বছর পেরিয়ে সংগঠনটি এবার ১৩ বছরে পা রাখলো। প্রবাসের মাটিতে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরার প্রত্যয়ে এরই মধ্যে তারা ২০টিরও বেশি নাটক প্রযোজনা ও মঞ্চস্থ করেছে।
২০১৪ সালের ২০-২১ ডিসেম্বর সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত দুদিনব্যাপী বিজয় উৎসবে হাজারো দর্শকের সামনে প্রথম নাটক পরিবেশন করে সংগঠনটি। প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের রচনা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটুর নির্দেশনায় সেবার মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ওরা বেঈমান’। সেই সূচনা থেকে আজ অবধি একঝাঁক তরুণ-তরুণী ও প্রবীণ কলাকুশলীর আন্তরিক প্রচেষ্টায় সংগঠনটি সামনের দিকে এগিয়ে চলছে। প্রবাসে চাকরি ও পড়াশোনার পাশাপাশি দেশীয় সংস্কৃতি চর্চায় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন এর সদস্যরা। পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছে সংগঠনটি।
যুগপূর্তি উপলক্ষে সংগঠনের শুরু থেকে যুক্ত থাকা সকল সদস্য, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বর্তমান সভাপতি মসী সিরাজ।
এ উপলক্ষে আগামী ১৩ নভেম্বর ২০২৬ (শুক্রবার) স্থানীয় সময় রাত ৯টায় শিফাস্থ রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ‘আল রিমাস অডিটোরিয়ামে’ মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিনাট্য ‘মলুয়া সুন্দরী’।
তুহিন অবন্তের রচনায় এবং এজহারুল হক মিজানের রূপান্তর ও নির্দেশনায় গীতিনাট্যটি পরিবেশন করবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সংগঠনের পক্ষ থেকে প্রবাসী সকল বাংলাভাষীকে নাটকটি উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।







