প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৬:৩৪
মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রি ও অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা
দু ভোক্তা পেলো তাদের অভিযোগের প্রতিকার

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পৃথক দুটি লিখিত অভিযোগ নিষ্পত্তি করে দুই ভোক্তাকে তাৎক্ষণিক প্রতিকার দেওয়া হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) চাঁদপুর শহরের মীর শপিং কমপ্লেক্স, জে এম সেনগুপ্ত রোড ও কালীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে বায়ো কেয়ার সার্জিক্যালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার বা মোড়ক না থাকায় 'হার ইউনিভার্স'কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার :
অভিযান চলাকালে সাধারণ ভোক্তাদের করা দুটি লিখিত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয় :
মীর শপিং কমপ্লেক্সের সোহাগ সুজ থেকে কেনা নতুন জুতা কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যাওয়ায় এক ভোক্তা অভিযোগ করেন। সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি অভিযোগকারীকে নতুন এক জোড়া জুতা প্রতিস্থাপন করে দেয়।
'হার ইউনিভার্স' থেকে কেনা পণ্য পছন্দ না হওয়ায় আরেক ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি পণ্যের পুরো মূল্য ফেরত প্রদান করে।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ বা অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








