প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৩৬
শিক্ষার্থীসংকটে লাউতলী শাহ আলম বালিকা বিদ্যালয়
মাধ্যমিকে উন্নীত করার দাবি

একসময় যে বিদ্যালয়ের আঙিনা সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর কলকাকলিতে মুখরিত থাকতো, সেখানে এখন শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে মাত্র ৭০-৮০ জনে। তিন দশকের বেশি সময় আগে ফরিদগঞ্জ উপজেলার লাউতলী, আদশা ও মান্দারতলী এলাকার নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত ‘লাউতলী শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ আজ নানা সংকটে ধুঁকছে। চারতলা ভবনসহ আধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও বিদ্যালয়ে ক্রমেই কমছে শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান ক্ষুব্ধ এলাকাবাসী।
|আরো খবর
বিদ্যালয় প্রতিষ্ঠার পটভূমি
১৯৯৩ সালে দূরবর্তী প্রতিষ্ঠানে না গিয়ে নিজ এলাকায় মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ও জনহিতৈষীদের যৌথ উদ্যোগে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখেন নূর মোহাম্মদ পাটোয়ারী, মমতাজ উদ্দিন পাটোয়ারী, মজিবুল হক ইন্সপেক্টর, সুবেদার আমিন, মাওলানা আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম এবং প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মিজানুর রহমান পাটোয়ারী। এ ছাড়া অবদান রাখেন আবুল হাশেম ভূঁইয়া, নান্নু পাটোয়ারী, লোকমান জমাদার, আলী আহম্মদ কন্ট্রাক্টর, আজিজুর রহমান পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারীসহ অনেকে। এই প্রয়াসে যুক্ত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাকারিয়া চৌধুরী, নুহ চৌধুরী, রাজু পাটোয়ারী ও শিক্ষক শাহজাহান পাটোয়ারী।
নামকরণ ও এমপিওভুক্তি
শুরুতে প্রতিষ্ঠানটির নাম ছিলো ‘লাউতলী মডেল বালিকা বিদ্যালয়’। পরবর্তীতে বোর্ডের নিয়মনীতি অনুসরণ করে স্থানীয় শিল্পপতি এ. বি. এম. শাহ আলমের নামে নামকরণ করা হয় ‘লাউতলী শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’। প্রতিষ্ঠানটির এমপিওভুক্তিতে রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য গোফরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সংকটের মূল কারণ
প্রতিষ্ঠাকালে প্রায় ৩৬০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে তা এসে ঠেকেছে ৮০ জনের নিচে। স্থানীয়দের মতে, বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায় (নবম ও দশম শ্রেণি) চালু না থাকাই এই সংকটের প্রধান কারণ। অষ্টম শ্রেণি শেষ করে শিক্ষার্থীদের অন্য স্কুলে চলে যেতে হয়। ফলে অভিভাবকরা শুরু থেকেই এমন প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করাচ্ছেন, যেখানে ১০ম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে।
নামকরণ ও অর্থায়নের জটিলতা
বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি এবং নামকরণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আব্দুর রহিম জমাদারসহ অনেকে অভিযোগ করেন, নাম থাকা সত্ত্বেও প্রতিষ্ঠাতা এ. বি. এম. শাহ আলম প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাঙ্ক্ষিত ভূমিকা রাখছেন না এবং যোগাযোগের অভাব রয়েছে।
এলাকাবাসীর দাবি, বর্তমান নাম বহাল রেখে মাধ্যমিক করার বোর্ড ফি অনেক বেশি, যা বহনে এ. বি. এম. শাহ আলম লিখিতভাবে অপারগতা প্রকাশ করেছেন। এমতাবস্থায় স্থানীয়দের প্রস্তাব—ব্যক্তির নাম বাদ দিয়ে ভৌগোলিক পরিচয়ে ‘লাউতলী মডেল বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ নামকরণ করা হলে বোর্ড ফি অনেক কমে আসবে এবং সেই অর্থ এলাকাবাসী সম্মিলিতভাবে বহন করতে প্রস্তুত।
উন্নীতকরণের দাবিতে মতবিনিময় সভা
বিদ্যালয়টির বিদ্যমান সংকট নিরসনে শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানের সভাপতিত্বে এবং ফারুক হোসেন আমিন ও মো. মফিজুল ইসলাম সোহাগের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা এ. বি. এম. শাহ আলম, আব্বাস গাজী, মো. আসাদুজ্জামান খান কালু, মোস্তফা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, টিপু সুলতান পাটোয়ারী, ফারুক আমিন পাটোয়ারী, আব্দুর রহিম জমাদার ও শিক্ষক মো. মশিউর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল্লাহ বলেন, "শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে আনন্দদায়ক পরিবেশ ও প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি বিদ্যালয়টিকে নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার জন্য সাধ্যমতো চেষ্টা করার আশ্বাস দেন এবং সার্বিক উন্নয়নে অভিভাবক ও এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
নারী শিক্ষার যে মহান উদ্দেশ্য নিয়ে তিন দশক আগে প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিলো, প্রশাসনিক জটিলতা বা আর্থিক সংকটে তা যেন ভেস্তে না যায়—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাই এখন ফরিদগঞ্জবাসীর আকুল আকুতি।








