প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:২৫
মতলবে ১০৬ বছরের পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ, উচ্চ আদালতের রায়ে স্বস্তি পেলেন উত্তরাধিকারীরা

মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরপাথালিয়া গ্রামে ১০৬ বছরের ভোগদখলীয় পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের রায় পক্ষে থাকার পরও জমিতে ভুট্টা বীজ বপন করতে গেলে নাজিম উদ্দিন গংয়ের লোকজন বাধা সৃষ্টি করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
জানা যায়, চরপাথালিয়া মৌজার বিএস ৭৮, ১৯৮, ২০৫ ও ২৩৭ নম্বর খতিয়ানের ৪৪৬ দাগে ৩.২৮ একর, ৪৪৮ দাগে ৩.২০ একর এবং ৪৪৭ দাগে ০.২৮ একরসহ মোট ১.০৪ একর ভূমি নিয়ে মোহন, আবুল খায়ের, তাফাজ্জল শহীদ, সুরুজ ও আক্কাছ গংদের পক্ষে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। কিন্তু সম্প্রতি নিজেদের জমিতে বীজ বপন করতে গেলে নাজিম উদ্দিন গং তাতে বাধা দেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও আইনি লড়াই :
খোঁজ নিয়ে জানা যায়, ১৯০৯ সালে চরপাথালিয়া মৌজায় বর্তমান বাদীর দাদা চেরাগ আলী মিজি গং ১৬ নম্বর খতিয়ানের ২৯ দাগে ৫৪ একর সম্পত্তি নিজেদের নামে সিএস রেকর্ড করেন। এরপর ১৯১৯ সালে চাঁদপুরের দ্বিতীয় মুন্সেফি আদালতে পূর্ববর্তী বিবাদী পক্ষের লোকজন (আবজন বেপারি ও কালু প্রধানীয়া গং) বন্দোবস্তীয় সম্পত্তি দাবি করে মোকদ্দমা দায়ের করেন। আদালত সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে তদন্ত ও ম্যাপ দাখিলের নির্দেশ দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সম্পত্তিটি ১৫০ নম্বর উত্তর উদ্দমদি মৌজার সম্পত্তি বলে ডিক্রি প্রদান করেন।
উক্ত রায়ে সন্তুষ্ট না হয়ে চেরাগ আলী মিজি গং কলকাতা হাইকোর্টে আপিল করেন। উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন এবং আপিল খারিজ করে দেন। সেই থেকে ১৯২০ সাল থেকে অদ্যাবধি অর্থাৎ প্রায় ১০৬ বছর ধরে বর্তমান বিবাদী মোহন ও আবুল খায়ের প্রধান গং সম্পত্তিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন এবং তাদের নামে বিএস রেকর্ডও সংশোধিত রয়েছে।
সাম্প্রতিক বিরোধ ও সালিশি বৈঠক :
অভিযোগ রয়েছে, পরবর্তীতে কতিপয় ব্যক্তির কুপ্ররোচনায় নাজিমউদ্দিন মিজি সিএস রেকর্ডের তথ্য দেখিয়ে বিবাদী পক্ষের বিরুদ্ধে বিএস সংশোধনের একটি একতরফা ডিক্রি হাসিল করেন। পরবর্তীতে বিবাদী পক্ষ বিষয়টি জানতে পেরে জেলা জজ আদালতে সানি মামলা করেন। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিম্ন আদালতের একতরফা রায় বাতিল করেন এবং মূল মামলা পরিচালনার নির্দেশ দেন।
এরই মধ্যে ২০২৪ সালে বিবাদীদের অগোচরে জমিতে ভুট্টা চাষ করেন নাজিমউদ্দিন। গত মে মাসে ফসল পাকলে বিবাদীরা তুলতে বাধা দিলে থানায় এজাহার দায়ের করা হয়। পরবর্তীতে থানা কর্তৃপক্ষ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহজাহান সাগরের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে সালিশি বৈঠক হয়। কাগজাদি যাচাই-বাছাই করে মোহন ও আবুল খায়ের প্রধান গংয়ের অনুকূলে সম্পত্তিটির দখল বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।
সর্বশেষ চলতি মৌসুমে জমিতে ভুট্টা বীজ লাগাতে গেলে নাজিমউদ্দিন পুনরায় থানায় অভিযোগ করেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাগজাপত্র যাচাই করে। উচ্চ আদালতের রায় ও সালিশি সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ আলী, রুহুল আমিন, সিরাজুল ও সেকান্দরের ওয়ারিশগণ বর্তমানে উক্ত জমিতে ভোগদখলে রয়েছেন।
:








