প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:৫৯
চাঁদপুরে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী ও ১৩ মাদক কারবারি গ্রেফতার, ৩৭ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মী এবং ১৩ জন মাদক কারবারি রয়েছেন। এ ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ (মঙ্গলবার) জেলার বিভিন্ন থানা পুলিশ একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী হিসেবে চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ১ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়া থানায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৬ জন মাদকসেবী, ফরিদগঞ্জে ৩ জন (২৩ পিস ইয়াবাসহ), মতলব দক্ষিণে ২ জন (১০ পিস ইয়াবাসহ), শাহরাস্তিতে ১ জন (৩ পিস ইয়াবাসহ) এবং হাজীগঞ্জ থানায় ১ জনকে গ্রেফতার করা হয় (২০০ গ্রাম গাঁজাসহ)। অভিযানে সর্বমোট ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আরও ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ধারায় আরও ৯ জনকে আটক করা হয়।
অন্যদিকে, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থানায় ৩ জন, হাইমচরে ৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব দক্ষিণে ৫ জন, মতলব উত্তরে ৫ জন, হাজীগঞ্জে ৪ জন এবং কচুয়া থানায় ৯ জন আটক হন। আটককৃত কিশোরদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ২ জনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।








