প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:৩৭
চাঁদপুর-শরীয়তপুর ফেরিতে কমেছে যানবাহন
ফেরি ভাড়া ৮ শতাংশ বৃদ্ধি, খারাপ সড়ক ও পদ্মা সেতুর প্রভাব

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি পারাপারের ভাড়া বাড়ানো হয়েছে ৮ শতাংশ। ফলে এমনিতেই কমতে থাকা এই রুটে যানবাহন পারাপারের সংখ্যা আরও হ্রাস পেয়েছে। পর্যাপ্ত যানবাহনের অভাবে ফেরি বহরে ৫টি সচল ফেরি থাকলেও প্রতিদিন মাত্র ২টি দিয়ে পারাপার কার্যক্রম চালানো হচ্ছে। বর্তমানে দিনে গড়ে মাত্র ৫০ থেকে ৬০টি ছোট-বড় যানবাহন এবং খুলনা-চট্টগ্রাম রুটের যাত্রীবাহী বাস পারাপার হচ্ছে মাত্র দুটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর থেকেই এই নৌরুটে যান চলাচল আশঙ্কাজনকভাবে কমে যায়। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে জ্বালানির দাম বৃদ্ধিজনিত ভাড়া এবং স্থানীয় সড়কের বেহাল অবস্থা। ফলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী পরিবহন মালিক ও চালকরা এই রুটের ওপর আগ্রহ হারাচ্ছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ২টায় হরিণা ফেরিঘাটে গিয়ে সরেজমিনে দেখা যায়, পণ্যবাহী মাত্র ৮টি ট্রাক ঘাটে ফেরির অপেক্ষায় আটকে রয়েছে। ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত যানবাহন না থাকায় নির্ধারিত সময়ে ফেরি ছাড়তে পারছে না ঘাট কর্তৃপক্ষ।
চট্টগ্রাম থেকে যশোরগামী ট্রাকচালক শাহ আলম সর্দার হতাশা প্রকাশ করে বলেন, “দু ঘণ্টা ধরে ফেরির অপেক্ষায় বসে আছি। পর্যাপ্ত গাড়ি না জমলে নাকি ফেরি ছাড়বে না। এতে সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না, যার মাশুল দিতে হচ্ছে পণ্য মালিক ও আমাদের।”
যানবাহন কমে যাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। হরিণা ঘাটের ক্ষুদ্র ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, ঘাটে গাড়ি না থাকায় দোকানপাটে কেনাবেচা প্রায় বন্ধের পথে। ব্যবসা টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর হরিণা ফেরিঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. ফয়সল আলম চৌধুরী জানান, “পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই রুটের চাপ কমেছে। তার ওপর আলুর বাজার থেকে মনোহর বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল ও গর্তে ভরা। ঝুঁকি এড়াতে অনেক চালক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও পদ্মা সেতু ব্যবহার করছেন।”
ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় গত ২৪ সেপ্টেম্বর থেকে ফেরি ভাড়া ৮ শতাংশ বাড়াতে হয়েছে। তবে আলুর বাজার থেকে মনোহর বাজার অংশটি দ্রুত সংস্কার করা হলে চালকরা আবারও এই রুটে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।








