প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ২২:০১
কৃষকদের উৎসাহিত করতে মতলব উত্তরে বিনামূল্যে বীজ বিতরণ করলো নুরুজ্জামান সরকার ফাউন্ডেশন

মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুরে ১২০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের উন্নত মানের বীজ বিতরণ করেছে ‘আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন’। কৃষিকাজে কৃষকদের উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন, প্রবীণ শিক্ষক রাধেশ্যাম রায়, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট জিসান আহমেদ রিপন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, "কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে তাদের হাতে সঠিক সময়ে ভালো মানের বীজ পৌঁছে দিতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।"
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "এই সেচ প্রকল্পকে যেকোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। এর মাধ্যমেই কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব। তাই কৃষির উন্নয়ন ও খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে সেচ প্রকল্পের সুরক্ষা এবং কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।"
কৃষিজমি রক্ষার আহ্বান জানিয়ে আলমগীর সরকার বলেন, "যত্রতত্র অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করে উর্বর কৃষিজমি নষ্ট করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি সংরক্ষণ করা জরুরি। কৃষিবান্ধব পরিবেশ তৈরি এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্য বক্তা কৃষির উন্নয়ন, কৃষকদের সার্বিক সহায়তা এবং আবাদি জমি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন।
বীজ বিতরণ অনুষ্ঠানে এলাকার স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








