প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২০:০২
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে চাঁদপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল এবং অধিকার ও মর্যাদা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। চাঁদপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফি উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সাদাছড়ির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাঁদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা ও সম্মান প্রদর্শনে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার বার্তা বহন করে। এ ধরনের কর্মসূচি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখে।








