প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২২:৫৯
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে চাঁদপুরে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত

মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন করতে এবং ইলিশ সম্পদ রক্ষায় চলমান নিষেধাজ্ঞার অংশ হিসেবে চাঁদপুরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দিনব্যাপী ও সন্ধ্যার পর থেকে চলা এই অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা এবং জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
|আরো খবর
প্রশাসনের মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বুধবার সন্ধ্যার পর শহরের বিপণীবাগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় আড়াই কেজি ওজনের ইলিশ জব্দ করা হয় এবং নিয়ম অনুযায়ী তা তিনজন দুস্থ ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি আইন অমান্য করায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন ওয়্যারলেস বাজারেও অভিযান চালানো হলেও সেখানে কোনো ইলিশ পাওয়া যায়নি।
অপরদিকে, হাইমচর উপজেলার চরভৈরবী ও আমতলী ঘাটের খালের মুখে জেলা পুলিশ ও হাইমচর থানার সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় থাকা প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় মা ইলিশের সুগম চলাচল নিশ্চিত করতে খালের মুখ স্থায়ীভাবে বন্ধ করার প্রতিশ্রুতি দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান বাজার রনাগোয়াল হরিসভা মন্দিরের পাশেও বিশেষ অভিযান পরিচালিত হয়। এনএসআই চাঁদপুরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এই মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং পুরান বাজার ফাঁড়ি পুলিশের একটি চৌকস দল এই অভিযানে সহায়তা করলেও ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং জাতীয় সম্পদ রক্ষায় সরকারের নির্ধারিত এই নিষেধাজ্ঞার সময়কালে চাঁদপুরে এ ধরনের যৌথ ও কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।








