প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১২
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে
শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ-এর সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার

'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে বিআরটিএ চাঁদপুর জেলার সভাপতি ও জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ সার্জেন্ট আতিকুল ইসলাম শিমুল। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা সেমিনারে সড়ক ব্যবহারের সঠিক নিয়মাবলি, ট্রাফিক সংকেত মেনে চলা এবং দুর্ঘটনা রোধে পথচারী ও শিক্ষার্থীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানশেষে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজে সঠিক উত্তর দেওয়ায় তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।








