বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে কবি নজরুল স্মরণে সেমিনার ও দেয়ালিকা প্রকাশ

বিশেষ প্রতিনিধি
চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে কবি নজরুল স্মরণে সেমিনার ও দেয়ালিকা প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে সেমিনার ও দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’। কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানে এক মননশীল ও আবেগঘন আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ আই কে হেলাল। শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি।

সেমিনারে ‘নজরুল সাহিত্যে ধর্মীয় সম্প্রীতি : একটি পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও পিএইচডি গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

বক্তারা তাঁদের আলোচনায় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে সাম্য, মানবতা, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বহুমাত্রিক প্রকাশ তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবমুক্তি, সাম্য ও সম্প্রীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সাহিত্য আজও অন্যায়, বৈষম্য, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। তাই পরিবর্তনশীল সমাজবাস্তবতায় নজরুলের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো দেয়ালিকার মোড়ক উন্মোচন। ‘অনুপ্রেরণায় নজরুল’ শিরোনামের দেয়ালিকাটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও নজরুল-ভাবনার বহিঃপ্রকাশ হিসেবে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। দেয়ালিকায় নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. নূর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের (বাবুরহাট ক্যাম্পাস) উপাধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ ফরাজী, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম, ড্যাফোডিল গ্রুপের করপোরেট অফিসার মো. মাহবুবুল হোসাইন, সহকারী করপোরেট অফিসার মো. ইকবাল হোসেন এবং চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মুরাদ হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.)। সভাপতির বক্তব্যে তিনি নজরুলের জীবনাদর্শ ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও সৃজনশীল মনন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর চেতনা ধারণ করে একটি মানবিক, সাম্যভিত্তিক ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়