সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৬

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি : ৭০

আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রার্থী হতে চাই

--- মো. মজিব খান

সোহাঈদ খান জিয়া
আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রার্থী হতে চাই

“পানি নিষ্কাশন ও নদীভাঙনের হাত থেকে আমার ওয়ার্ডকে রক্ষা করাই মূল লক্ষ্য। কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণসহ এলাকার সকল অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।”

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. মজিব খান এসব কথা বলেন। দৈনিক চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক প্রতিবেদন ‘স্থানীয় সরকার নির্বাচন’ বিষয়ে নিম্নে তাঁর সাক্ষাৎকারটি প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো।

চাঁদপুর কণ্ঠ : আপনি কোন্ পরিচয়, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করতে চান? আপনার মূল লক্ষ্য ও জনগণের জন্য আপনার স্বপ্ন কী?

মো. মজিব খান : জনগণের সেবা করার লক্ষ্যেই আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হবো। আমার স্বপ্ন—অসহায় ও সাধারণ মানুষ যেন সরকার থেকে আসা তাদের সকল প্রাপ্য অধিকার সঠিক ও স্বচ্ছভাবে বুঝে পান।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি কোনো দলীয় সমর্থনের আশায় নির্বাচন করতে চান, নাকি নির্দলীয়ভাবে নির্বাচন করবেন? কীভাবে নির্বাচনে অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন?

মো. মজিব খান : আমি দলীয় সমর্থনে নির্বাচনে অংশ নিতে চাই। দীর্ঘদিন ধরে রাজপথে দলের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। সেই সুবাদে আমার দৃঢ় বিশ্বাস, দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে। এক কথায় বলা চলে, দলীয় সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক।

চাঁদপুর কণ্ঠ : আপনার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা কী বলে মনে করেন? ছোট-বড় সব সমস্যার সমাধানে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কী?

মো. মজিব খান : আমার ওয়ার্ডের প্রধান ও প্রধানতম সমস্যা হচ্ছে নদীভাঙন। নদীভাঙনে ইতোমধ্যে বহু মানুষের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নদীভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অসম্পূর্ণ রাস্তাঘাট নির্মাণ করা এবং কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য খাল খনন ও কালভার্ট নির্মাণ করা অত্যন্ত জরুরি, যা আমি অগ্রাধিকার ভিত্তিতে করব।

চাঁদপুর কণ্ঠ : স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সরকারি সেবার জবাবদিহিতা নিশ্চিত করতে আপনি কী পদক্ষেপ নেবেন?

মো. মজিব খান : জনগণ যেন সরকারি কোনো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন এবং সবাই যেন তাঁদের ন্যায্য অধিকার পান, সেই লক্ষ্যেই কাজ করব। আমি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই ওয়ার্ডের সার্বিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করবো।

চাঁদপুর কণ্ঠ : আপনি নির্বাচিত না হলেও কি জনগণের পাশে থাকবেন? জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ কীভাবে বজায় রাখবেন?

মো. মজিব খান : আমি সবসময় সাধারণ মানুষের সঙ্গে ছিলাম এবং এখনো আছি। ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সর্বদাই পাশে থেকেছি এবং ভবিষ্যতেও একইভাবে থাকবো।

চাঁদপুর কণ্ঠ : আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ভোটাররা কেন আপনাকেই ভোট দেবেন? তাঁদের উদ্দেশে আপনার সংক্ষিপ্ত বার্তা কী?

মো. মজিব খান : আমি সবসময় জনগণকে ভালোবেসে তাদের পাশে থেকেছি। জনগণ আমাকে ভালোবাসেন বলেই তাদের অকুণ্ঠ সমর্থনে প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস, জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে আমাকেই নির্বাচিত করবেন। মূলত আমার ৬নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি।

চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্নগুলোর বাইরে আপনার অন্য কোনো বক্তব্য থাকলে তুলে ধরতে পারেন।

মো. মজিব খান : আমার বক্তব্য ও সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরার সুযোগ করে দেওয়ায় দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়