প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪
সময়মতো চিকিৎসা না নিলে অ্যাপেন্ডিসাইটিস মারাত্মক হতে পারে
চাঁদপুর রোটারী ক্লাবের সভায় ডা. মোবারক হোসেন চৌধুরী

চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৬–২০২৭ বর্ষের ১৩তম (নিয়মিত ২৭২৬তম) সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট পলাশ মজুমদার, পিএইচএফের সভাপতিত্বে এবং সেক্রেটারি রোটারিয়ান রফিকুল ইসলাম, পিএইচএফের পরিচালনায় সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও রোটারী প্রত্যয় পাঠ করা হয়। প্রত্যয় পাঠ করেন ক্লাবের ট্রেজারার রোটারিয়ান সঞ্জয় কুমার অধিকারী, পিএইচএফ।
সভায় অতিথি বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেনারেল সার্জন রোটারিয়ান ডা. মোবারক হোসাইন চৌধুরী, পিএইচএফ। তাঁকে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন ক্লাব সভাপতি।
ডা. মোবারক হোসাইন চৌধুরী তাঁর বক্তব্যে সার্জারি, সার্জিক্যাল রোগ এবং বিশেষ করে অ্যাপেন্ডিসাইটিস বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি বলেন, "অনেক সময় নাভির আশপাশ থেকে শুরু হওয়া পেটব্যথা ধীরে ধীরে তলপেটের ডানদিকে ছড়িয়ে পড়ে। এর সাথে বমি, বমি ভাব, ক্ষুধামন্দা ও জ্বর থাকতে পারে। এমন লক্ষণ দেখা দিলে তীব্র পেটব্যথাকে সাধারণ গ্যাসের সমস্যা মনে করে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।" সময়মতো চিকিৎসা না নিলে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে পেটের ভেতর মারাত্মক সংক্রমণ হতে পারে বলেও তিনি সতর্ক করেন। বক্তব্য শেষে তিনি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর আগে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ, পিএইচএফ।
সভায় ঘোষণা করা হয়, আগামী ৩ নভেম্বর হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় এবং চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স প্রতিস্থাপন ক্যাম্প অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন রোটারিয়ান অ্যাডভোকেট মাসুদ রানা, পিএইচএফ।
এছাড়া, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও ক্লাবের আইপিপি রোটারিয়ান মোস্তফা ফুল মিয়া, পিএইচএফ আগামী ২৬–৩০ জুন ২০২৭ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ‘রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশন’ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সভায় চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও 'ক্লিন চাঁদপুর'-এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবে একটি পানির ফিল্টার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং পরিচ্ছন্ন চাঁদপুর গঠনে সকলের সহযোগিতা চান।
অনুষ্ঠানে রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের স্পাউস খোদেজা বেগম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড় চূড়ায়’ কবিতাটি আবৃত্তি করেন। পরে ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সময়মতো উপস্থিত হওয়া সদস্যদের উৎসাহিত করতে ‘ইনটাইম গিফট’ কর্মসূচির বিজয়ী রোটারিয়ান পিপি মঞ্জুরুল কাদের সোহেল, রোটারিয়ান জিয়াউর রহমান প্রিন্স এবং রোটারিয়ান গাজী মো. মহসিন কাদেরের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি।
সেক্রেটারি রোটারিয়ান রফিকুল ইসলাম জানান, ক্লাবের দাতব্য চিকিৎসালয়ে ৩৪ জন শিশু রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন রোটারিয়ান পিপি ডা. এম জি ফারুক ভূঁইয়া, পিএইচএফ। সার্জেন্ট অ্যাট আর্মস রোটারিয়ান মহসিন ভূঁইয়া জানান, ক্লাবের ৭৫ জন সদস্যের মধ্যে ২৮ জন সদস্যসহ মোট ৩৪ জন সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে আগামী ২ অক্টোবর ২০২৬ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্লাবের ২৭২৭তম সাপ্তাহিক সভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার সভার সমাপ্তি ঘোষণা করেন।







