প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০
শাহরাস্তিতে আড্ডার সময় ৪৫ কিশোর আটক, মুচলেকায় মুক্তি

শাহরাস্তিতে সন্ধ্যার পর অযথা ঘোরাঘুরি ও আড্ডা দেওয়ার অভিযোগে ৪৫ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে অভিভাবকদের উপস্থিতিতে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অনলাইন জুয়া, ইভটিজিং ও মাদক থেকে কিশোরদের দূরে রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে একাধিক টিম একযোগে এ সাঁড়াশি অভিযান চালায়। এ সময় উপজেলার নিজ মেহের, ওয়ারুক, ওয়াকওয়ে, শোরসাক, মেহের স্টেশন, সাহাপুর, দোয়াভাঙ্গা, খিলা ও উঘারিয়া এলাকায় তল্লাশি চালিয়ে আড্ডারত কিশোরদের সাময়িকভাবে আটক করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বর্তমান সময়ে তরুণেরা মোবাইল ফোনে মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। এর ফলে অনলাইন জুয়া, মাদক ও ইভটিজিংয়ের মতো নানা অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। কিশোরদের সব ধরনের অপরাধপ্রবণতা থেকে মুক্ত রাখতে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







