প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৩
ফরিদগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪১ কিশোর আটক, মুচলেকায় মুক্তি

ফরিদগঞ্জে থানা পুলিশের এক সাঁড়াশি অভিযানে ৪১ কিশোরকে আটক করা হয়েছে। পরে অভিভাবকরা ভবিষ্যতে সন্তানদের সন্ধ্যার পর অযথা বাইরে না পাঠানোর লিখিত মুচলেকা দিলে তাদের মুক্তি দেওয়া হয়। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে ফরিদগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক তত্ত্বাবধানে পুলিশের বেশ কয়েকটি টিম একযোগে অভিযান চালায়। উপজেলার বিভিন্ন মোড়, বাণিজ্যিক এলাকা ও বিনোদনকেন্দ্রের মতো যেসব স্থানে কিশোররা জড়ো হয়ে আড্ডা দেয়, সেখানে অভিযান চালিয়ে ৪১ কিশোরকে সাময়িকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার পরপরই থানা প্রাঙ্গণে আটক কিশোরদের স্বজনদের ভিড় জমে। অভিভাবকরা তাদের সন্তানদের আর কখনোই সন্ধ্যার পর পড়ার টেবিল ছেড়ে বাইরে অযথা আড্ডা দিতে দেবেন না মর্মে ওসির কাছে অঙ্গীকার করেন। পরবর্তীতে অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে আটক কিশোরদের তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিযান ও সচেতনতামূলক এই পদক্ষেপের বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, "কিশোরদের যে কোনো অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের আরও দায়িত্বশীল করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।"
আটক কিশোরদের উদ্দেশ্যে ওসি সতর্কবার্তা দিয়ে বলেন, "কিশোর বয়সে সন্ধ্যার পর তোমাদের পড়ার টেবিলে থাকার কথা, অথচ তোমরা বাইরে অযথা সময় নষ্ট করছো। ভবিষ্যতে সন্ধ্যার পর অপ্রয়োজনে কাউকে বাইরে আড্ডা দিতে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ প্রশাসনের এমন সচেতনতামূলক ও প্রতিরোধমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকেরা।
-







