প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৬:১৭
মতলব দক্ষিণের দু বিদ্যালয়ে জেলা শিক্ষা কর্মকর্তার পরিদর্শন
শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রম জোরদারে নানা নির্দেশনা

মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) পৃথকভাবে অনুষ্ঠিত এ পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি একাডেমিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
|আরো খবর
বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমদ খান। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দিয়ে তাদের দুর্বলতা চিহ্নিত করে বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের শিক্ষকভিত্তিকভাবে ভাগ করে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভার আয়োজনেরও নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজন, ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবাদী ও বাকপটু হিসেবে গড়ে তোলা, প্রতিবছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজন, লাইব্রেরি সচল রাখা এবং বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করতে হবে।
এ ছাড়া বাল্যবিবাহ, মাদক এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত কাউন্সেলিং, পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
একই দিনে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়েও পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন, ডিবেট ক্লাবের কার্যক্রম সম্প্রসারণ, সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে সচেতনতামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশনা দেন।
এ সময় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র দাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে বিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।








