প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৮
তিন দশকের পথচলায় আজও সক্রিয় নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন

চাঁদপুরের সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা রেখে চলেছে ‘নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন’। চাঁদপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে ১৯৯০ সালে প্রতিষ্ঠা পায় সংগঠনটি। প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আবুল কালাম সরকার সংস্কৃতি, খেলাধুলা ও তরুণদের সৃজনশীল বিকাশকে কেন্দ্র করে এর যাত্রা শুরু করেন। প্রতিষ্ঠার পর থেকেই নতুন কুঁড়ি ধারাবাহিকভাবে শিল্পচর্চা, মঞ্চ পরিবেশনা ও সামাজিক-সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে, যা আজ তিন দশক পর চাঁদপুরের অন্যতম ঐতিহ্যবাহী ও সক্রিয় সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জেলা ও উপজেলার নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে মানুষের মাঝে শিল্প-সাহিত্যের আলো ছড়িয়ে দিচ্ছে। নাচ, গান, আবৃত্তি, নাটক ও খেলাধুলা—সবক্ষেত্রেই সংগঠনটি নিয়মিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময়ে গুণীজন সংবর্ধনার মাধ্যমে সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতি দিয়ে আসছে এই সংগঠন।
২০১৪ সাল থেকে নতুন কুঁড়ির উদ্যোগে প্রতি বছর মেহেদী উৎসব আয়োজন করা হয়ে থাকে, যা চাঁদপুরের তরুণী ও গৃহিণীদের জন্যে এখন একটি জনপ্রিয় সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার। তিনিই নতুন কুঁড়িকে একটি গতিশীল ও সক্রিয় সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। দীর্ঘ তিন দশকের পথচলায় নতুন কুঁড়ি চাঁদপুরের বিভিন্ন মঞ্চে সুনামের সঙ্গে অনুষ্ঠান পরিবেশন করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য—চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চ, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (ঢাকা) এবং চাঁদপুরের ৮টি উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ।
সংগঠনটির কাজের স্বীকৃতি হিসেবে তারা রিমঝিম সাংস্কৃতিক সংগঠন ও স্বরলিপি নাট্য সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে। বর্তমানে সংগঠনটিতে অর্ধশতাধিক সদস্য সক্রিয়ভাবে যুক্ত আছেন।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের বর্তমান দায়িত্বে রয়েছেন—সভাপতি : অ্যাডভোকেট আবুল কালাম সরকার; সাধারণ সম্পাদক : মানসুরা আক্তার কাজল; সাংগঠনিক সম্পাদক : মো. রতন বেপারী সেলিম।
এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট নুরুল হক কমল, অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, এস এম জয়নাল আবেদীন, মো. জিতু মিয়া বেপারীসহ আরও অনেকে। সংগঠনের সদস্যদের নৃত্য প্রশিক্ষণ দিয়ে আসছেন নৃত্য প্রশিক্ষক শাকিল আহমেদ ও ইরিন আহমেদ রিচি।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার নিজেও একজন দক্ষ মঞ্চনাটক সাধক। তিনি ২০১০ সালে জনপ্রিয় নাটক ‘বেদের মেয়ে জোছনা’ এবং ‘নবাব সিরাজদ্দৌলা’য় অভিনয় করে দর্শক-প্রশংসা কুড়িয়েছেন।
চাঁদপুরে সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় নতুন কুঁড়ির এই দীর্ঘ পথচলা তরুণ প্রজন্মকে শিল্প-সংস্কৃতির প্রতি নতুন করে অনুপ্রাণিত করছে।







