শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:৪৮

ভাঙ্গা সড়কে চরম দুর্ভোগে ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামবাসী।। দ্রুত সংস্কার দাবি

ভাঙ্গা সড়কে চরম দুর্ভোগে ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামবাসী।। দ্রুত সংস্কার দাবি
ফাতেমাতুজ জান্নাত প্রিয়া

ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালী গ্রামের সড়কটি যেনো এখন রোজকার দুর্ভোগের কাহিনী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ভাঙা অংশ। কোথাও কোথাও পিচসহ কার্পেটিং উঠে গিয়ে লাল মাটি আর ইটের খোয়া বের হয়ে পড়েছে।

সড়কটি রূপসা-ভাটিরগাঁও রাস্তার সাথে সংযুক্ত। ফলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে রিকশা, অটোবাইক, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ীরাও এই পথেই যাতায়াত করেন।

সরজমিনে দেখা যায়, সড়কের দু পাশ ভেঙ্গে সরু হয়ে গেছে। ভাঙ্গা অংশের ওপর দিয়ে যানবাহন চলাচলের সময় প্রচুর ঝাঁকুনি লাগে। এতে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, বাড়ছে মেরামত খরচ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা। ভাঙা সড়কে ঝাঁকুনি খেয়ে তাদের নিয়ে হাসপাতালে পৌঁছানো রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে চলাচল আরও কঠিন হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। বারবার আশ্বাস দেয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

স্থানীয় এক নারী পারুল বেগম বলেন, "আমার বাচ্চা হওয়ার সময় আমারে হাসপাতাল নিতে অনেক কষ্ট হয়েছিলো, প্রসব বেদনা তো ছিলোই, সাথে রাস্তায় ছিলো অনেক ঝাঁকুনি।"

এলাকাবাসীর প্রাণের দাবি, রূপসা-ভাটিরগাঁও সংযুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত যথাযথভাবে সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়