বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৯

মধ্যসাগরের বুকে ২৯ দিনের মৃত্যুযাত্রা

বাস্তব ঘটনার আলোকে স্বরলিপি নাট্যগোষ্ঠীর নতুন নাটক ‘দুঃস্বপ্ন’

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
বাস্তব ঘটনার আলোকে স্বরলিপি নাট্যগোষ্ঠীর নতুন নাটক ‘দুঃস্বপ্ন’

একটি বাস্তব ঘটনা অবলম্বনে নতুন নাটক ‘দুঃস্বপ্ন’ মঞ্চে নিয়ে এসেছে চাঁদপুরের জনপ্রিয় নাট্যসংগঠন স্বরলিপি নাট্যগোষ্ঠী। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকর্মী এম আর ইসলাম বাবু। নতুন এই প্রযোজনাটি আগামী ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চের নাট্যোৎসবে পরিবেশিত হবে। তার আগে ১৭ আগস্ট সোমবার একই মঞ্চে নাটকটির পরীক্ষামূলক প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

উন্নত জীবনের স্বপ্ন, ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর আশায় প্রতিদিন অসংখ্য মানুষ দেশ ছেড়ে পাড়ি জমায় বিদেশে। কেউ বৈধ পথে, আবার কেউ দালালদের প্রলোভনে পড়ে বেছে নেয় অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পথ। সেই স্বপ্নের যাত্রা কখনো কখনো পরিণত হয় ভয়াবহ ট্র্যাজেডিতে। জীবনের আশায় শুরু হওয়া পথ শেষ হয় গভীর সমুদ্রের বুকে মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা ও অসহায় অপেক্ষার করুণ গল্পে।

‘দুঃস্বপ্ন’ নাটকের কাহিনীতে উঠে এসেছে বাংলাদেশ থেকে অবৈধ পথে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখা ১৪ জন বাংলাদেশি নাগরিকের হৃদয়বিদারক যাত্রার গল্প। জীবনের ভাগ্য পরিবর্তন ও আর্থিক স্বচ্ছলতার আশায় তারা দালালদের হাতে তুলে দেয় কষ্টার্জিত অর্থ। বিদেশে পৌঁছানোর আশ্বাসে তারা বিশ্বাস করে দালালচক্রের কথা; কিন্তু স্বপ্নের ইতালির পথে পা বাড়িয়ে তারা ধীরে ধীরে প্রবেশ করে এক ভয়ংকর অনিশ্চয়তার জগতে।

দালালরা তাদেরকে সড়কপথ, দুর্গম এলাকা ও গভীর জঙ্গলের মধ্য দিয়ে দীর্ঘ এবং কষ্টকর পথ পাড়ি করিয়ে ভূমধ্যসাগরের তীরে নিয়ে যায়। সেখানে তাদেরকে বড় জাহাজে করে ইতালিতে পৌঁছে দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। তার পরিবর্তে ১৪ জনকে একটি ছোট ও অনিরাপদ নৌকায় তুলে দেওয়া হয়। অজানা গন্তব্যের উদ্দেশে ছোট নৌকাটি যখন উত্তাল সমুদ্রের বুকে যাত্রা শুরু করে, তখনও হয়তো তাদের চোখে ছিলো নতুন জীবনের স্বপ্ন। কিন্তু কিছু সময়ের মধ্যেই নৌকাটি দিক হারিয়ে গভীর সমুদ্রে চলে যায়। চারদিকে শুধু সীমাহীন জলরাশি, মাথার ওপর আকাশ আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। সাহায্যের কোনো পথ নেই, নেই খাবার কিংবা পর্যাপ্ত পানির ব্যবস্থা। দিনের পর দিন নৌকাটি সমুদ্রের বুকে ভাসতে থাকে। একসময় খাবার ও পানির সংকট চরম আকার ধারণ করে। ক্ষুধা, তৃষ্ণা, শারীরিক দুর্বলতা এবং মৃত্যুভয়ে একে একে ভেঙে পড়তে থাকে যাত্রীরা। স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছানোর আশা ধীরে ধীরে রূপ নেয় বেঁচে থাকার সংগ্রামে।

একটানা ২৯ দিন নৌকাটি গহীন সমুদ্রে ভাসার পর খাবার ও পানির অভাবে ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। মৃত্যুর মিছিলে হারিয়ে যায় একে একে স্বপ্ন, পরিবার, ভবিষ্যৎ এবং প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। দীর্ঘ সেই ভয়াবহ যাত্রার পর মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে রেডক্রস সোসাইটি।

বাস্তব ঘটনার এই মর্মস্পর্শী কাহিনী নাটকের মাধ্যমে মঞ্চে তুলে ধরার উদ্যোগ নিয়েছে স্বরলিপি নাট্যগোষ্ঠী। নাটকটিতে উঠে আসবে অবৈধ অভিবাসনের ভয়াবহ ঝুঁকি, দালালচক্রের প্রতারণা, বিদেশে যাওয়ার স্বপ্নকে ঘিরে মানুষের অসহায়ত্ব এবং একটি ভুল সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি পরিণতি।

নাট্যসংশ্লিষ্টদের মতে, নাটকটির মাধ্যমে সমাজে সচেতনতা তৈরির পাশাপাশি অবৈধ পথে বিদেশযাত্রার ভয়াবহতা তুলে ধরা হবে। বিশেষ করে বিদেশে যাওয়ার স্বপ্নে বিভোর তরুণদের জন্যে নাটকটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

নাটকের রচয়িতা ও নির্দেশক এম আর ইসলাম বাবু বাস্তব ঘটনার আবেগ, মানবিক সংকট এবং সমুদ্রের বুকে দীর্ঘ মৃত্যুযাত্রার ভয়াবহ অভিজ্ঞতাকে নাট্যভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন। মঞ্চ পরিকল্পনা, আলোকসজ্জা, শব্দ ও অভিনয়ের সমন্বয়ে দর্শকদের সামনে একটি হৃদয়স্পর্শী এবং ভাবনামূলক নাট্যপ্রযোজনা উপস্থাপনের প্রস্তুতি চলছে। চাঁদপুরের নাট্যাঙ্গনে নতুন এই প্রযোজনাকে ঘিরে ইতোমধ্যে নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

স্বপ্নের ইতালির পথে যাত্রা শুরু করা ১৪ জন মানুষের গল্প, ২৯ দিনের সীমাহীন সমুদ্রযাত্রা এবং শেষ পর্যন্ত ১৩ জনের করুণ মৃত্যু—সব মিলিয়ে স্বরলিপি নাট্যগোষ্ঠীর নতুন এই প্রযোজনা দর্শকদের আবেগাপ্লুত করার পাশাপাশি গভীরভাবে ভাবতে বাধ্য করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়