রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৮:৪০

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা

দীর্ঘদিন স্থগিত থাকার পর বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর আলোচনা নতুন গতি পেয়েছে। এই প্রেক্ষাপটে তৃতীয়বারের মতো মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী । তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন । সোমবার রাত ১১টায় ঢাকা থেকে প্রতিনিধি দলটির মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে । মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এই সফরে দু দেশের মধ্যে শ্রমবাজার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে । সচিব মো. মোখতার আহমেদও বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে । যদিও সফরটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো সফরের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে আগামী ৪ আগস্ট মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর বাংলাদেশ সফরেরও সম্ভাবনা রয়েছে ।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুই দেশের মন্ত্রীদের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে । এর মাধ্যমে নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে পুনরায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে । মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম সম্প্রতি রেস্তোরাঁসহ বিশেষ কিছু খাতে বিদেশি কর্মী নিয়োগের জটিলতা এক মাসের মধ্যে নিরসনের নির্দেশ দিয়েছেন । তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, বিদেশি কর্মী নিয়োগ অবশ্যই নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল হতে হবে। বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যা মোট শ্রমশক্তির ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি অনুসরণ করা হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শ্রমবাজার সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উভয় দেশের মন্ত্রীদের এই সফর বিনিময় দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা শ্রমবাজারে নতুন আশার সঞ্চার করেছে। সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও সুগম হবে। মালয়েশিয়ার সাথে এই সমঝোতা স্মারক বা চুক্তির ফলে মূলত নিম্নলিখিত খাতগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়বে :

*রেস্তোরাঁ শিল্প : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বিশেষ করে রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মী নিয়োগের জটিলতা দ্রুত নিরসনের নির্দেশ দিয়েছেন, কারণ এই খাতে শ্রমিকের তীব্র সংকট রয়েছে।

* নির্মাণ খাত : মালয়েশিয়া সরকারের মুখপাত্র জানিয়েছেন যে, মন্ত্রিসভায় নির্মাণ খাতসহ কয়েকটি বিশেষ ক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করা হচ্ছে ।

* জরুরি প্রয়োজনে থাকা অন্যান্য খাত : যেসব খাতে জরুরি ভিত্তিতে শ্রমিক প্রয়োজন, সেই সব খাতের শূন্যপদ পূরণের বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে ।

তবে মালয়েশিয়া সরকার স্পষ্ট করেছে যে, তারা অদক্ষ শ্রমিকদের জন্যে পুরোপুরি দরজা খুলে দিতে চায় না; বরং এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল হতে হবে । বর্তমানে তারা বিদেশি কর্মীর সংখ্যা মোট শ্রমশক্তির ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি অনুসরণ করছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়