সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২২:৩২

সাংবাদিকদের হুমকির প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের চারদিনের প্রতিবাদ কর্মসূচি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সাংবাদিকদের হুমকির প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের চারদিনের প্রতিবাদ কর্মসূচি

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের দায়িত্ববান ব্যক্তিবর্গ কর্তৃক উপজেলায় কর্মরত একাধিক সাংবাদিককে লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকির প্রতিবাদে চারদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে প্রেসক্লাবের অনির্ধারিত এক জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করেন সভাপতি খালেকুজ্জামান শামীম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

কর্মসূচির মধ্যে রয়েছে : আগামী শুক্রবার (১২ জুন ২০২৬) হাজীগঞ্জ মধ্য বাজারে মানববন্ধন, রোববার (১৪ জুন) জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান, সোমবার (১৫ জুন) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং মঙ্গলবার (১৬ জুন) হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল।

এর আগে গত বুধবার হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি এনায়েত মজুমদার, অর্থ সম্পাদক ও ডেইলি অবজারভার প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ্, স্থানীয় অনলাইন পোর্টাল আরকেনিউজ৭১ ও নিউজ ডাকাতিয়ার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকি দেন মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ।

সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদেরকে লিগ্যাল নোটিশ ও মামলার হুমকি দেয়া হলো, তাতে কোনোভাবেই কোনো সাংবাদিক জড়িত নয়। খাল উদ্ধার করা, খালের পরিমাপসহ বিবিধ বিষয় নিয়ে সেদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি অফিসের কর্মকর্তাগণ তাঁদের সরকারি দায়িত্বের কাজে সেখানে যান। সেই সরকারি কাজের বিষয়টুকু নিয়ে সাংবাদিকরা সরকারি কর্মকর্তাদের ছবিসহ নিউজ করেছেন মাত্র। এখানে সাংবাদিকদের দোষটা কোথায় বা কী খুঁজে পেলো ঐতিহাসিক বড় মসজিদ কর্তৃপক্ষ তা বোধগম্য নয়।

উল্লেখ্য, সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণপূর্বক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৫ মে ২০২৬ খ্রি. প্রয়োজনীয় কাগজপত্র নিরীক্ষার আলোকে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের উত্তর পাশে হারিয়ে যাওয়া খালটির বর্তমান অবস্থান নির্ধারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর ভূমি অফিস এবং হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করেন। সরকারি কর্মকর্তার পরিদর্শনের বিষয়টি সংবাদমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) প্রচার ও প্রকাশ করায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকি দেন। এতে করে সাংবাদিকরা মনে করছেন, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও সাংবাদিকদের কণ্ঠ রূদ্ধ করার অপচেষ্টা করছেন মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়