প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২১:২৪
মতলবে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে ড. জালাল উদ্দিন এমপি
দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে মতলব উত্তর উপজেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার সুজাতপুর দশতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
|আরো খবর
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, "দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। গণতন্ত্র, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
তিনি আরও বলেন, "জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।"
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, সদস্য জাহাঙ্গীর আলম মামুন ও নুরুজ্জামান সরকার, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা এবং সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।








