শনিবার, ০৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:১৯

তবুও এমন স্মরণ প্রশংসনীয়

অনলাইন ডেস্ক
তবুও এমন স্মরণ প্রশংসনীয়

চাঁদপুর কণ্ঠে ‘অধ্যাপক জয়সেন বড়ুয়ার মৃত্যুতে ঐক্য পরিষদের শোক’ শিরোনামের সংবাদটি ৪৫ থেকে পঁচাত্তোর্ধ্ব বয়সী অনেক পাঠকসহ অশীতিপর, নবতিপর পাঠককে কম-বেশি নস্টালজিক করেছেÑএটা বলা যায়। সংবাদটিতে লিখা হয়েছে, চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয়, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক জয়সেন বড়ুয়া শুক্রবার (২৯ মে ২০২৬) পরলোকগমন করেছেন। শ্রদ্ধেয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার (৩১ মে ২০২৬) সন্ধ্যায় ঐক্য পরিষদের কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সদস্য সুজন সরকার, লক্ষ্মণ চন্দ্র সাহা, উৎপল মজুমদার আশীষ, গৌতম রায় ও শ্যামল চন্দ্র দাস। শোকসভায় শ্রদ্ধেয় শিক্ষকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত শিক্ষকের ছাত্র বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা স্যারের বর্ণাঢ্য জীবনের ইতিহাস তুলে ধরেন। তাঁরা বলেন, আমরা স্যারের ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শোকসভায় অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর কলেজ সরকারি হবার পূর্বে নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষকই তাঁদের কর্মগুণে খ্যাতিমান, এমনকি কেউ কেউ কিংবদন্তিতুল্য হয়েছেন। পুরানো ছাত্র-ছাত্রীদের মুখে মুখে শোনা যায় তাঁদের কথা। চাঁদপুর কলেজের শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের সৈয়দ আব্দুস সাত্তার, জয়সেন বড়ুয়া ও মুহাম্মদ খলিলুর রহমান, ইংরেজি বিভাগের হেলালউদ্দিন আহমেদ, এবিএম ওয়ালিউল্লাহ, অর্থনীতির মশিউর রহমান, ইতিহাসের মতিউর রহমান প্রমুখ নানান কারণে শিক্ষার্থীদের কাছে বহুল পরিচিত, কেউ কেউ সর্বজনশ্রদ্ধেয়, এমনকি কিংবদন্তিতুল্য। কলেজটি সরকারি হবার পর এঁরা বদলি হয়ে অন্যত্র চলে গেলেও স্মরণের আভরণে ওনারা আভরিত ছিলেন ও আছেন। এঁদের ২-১ জনের মৃত্যুতে চাঁদপুরে নাগরিক শোকসভাও হতে দেখা গেছে। চট্টগ্রামের কৃতী সন্তান অধ্যাপক জয়সেন বড়ুয়া চাঁদপুরেই তাঁর কর্মস্থলের কারণে দীর্ঘ সময় কাটিয়েছেন। তাঁর পুত্র সন্তানদের শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্যে তিনি সফল পিতা হিসেবে ব্যাপক আলোচিত ও সমাদৃত হয়েছিলেন। তিনি চাকরি থেকে অবসরগ্রহণ সহ অনিবার্য কারণে চাঁদপুর ছেড়েছেন বহু বছর আগেই। কিন্তু তিনি তাঁর ভক্ত শিক্ষার্থীদের চোখের আড়াল হলেও মনের আড়াল হন নি। যার প্রমাণ মিললো গত শুক্রবার (২৯ মে ২০২৬) তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে ভক্ত শিক্ষার্থীদের ব্যাপক লেখালেখির মধ্য দিয়ে। শুধু কি তা-ই? তাঁর দুজন মুক্তিযোদ্ধা-ছাত্র অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও অজিত সাহা তাঁকে নিয়ে শোকসভা করেছে। আজকাল যান্ত্রিক জীবনের প্রভাবে জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মাকে স্মরণ করার প্রবণতা যেখানে খুব কম দেখা যায়, সেখানে একজন অনেক পুরানো শিক্ষককে শ্রদ্ধাভরে স্মরণ ও তাৎক্ষণিকভাবে ছোট্ট পরিসরে হলেও শোকসভা আয়োজন ব্যতিক্রম কিছুই। আর প্রশংসনীয় তো অবশ্যই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়