শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:৩৬

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক, সমাধান হোক স্থায়ী

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক, সমাধান হোক স্থায়ী

সাংবাদিকতা কোনো অপরাধ নয়, সত্য প্রকাশও অপরাধ হতে পারে না। অথচ ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, মারধর, লাঞ্ছনা ও হুমকি-ধমকির ধারাবাহিক অভিযোগ উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এর প্রতিবাদে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত পরিস্থিতির গুরুত্বকেই সামনে এনেছে।

দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি মো. মহিউদ্দিনকে প্রকাশ্যে মারধরের ঘটনার পর সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে তঁাকে আবার খেঁাজ করা এবং প্রতিবাদী সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের তথ্য সংগ্রহ, টেন্ডারসংক্রান্ত সংবাদ অনুসন্ধান এবং থানা এলাকায় সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগগুলোও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে।

সাংবাদিকদের কাজের ক্ষেত্র দল-মতনির্বিশেষে সবার জন্য সমান। কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী কিংবা প্রভাবশালী মহল সংবাদ প্রকাশে অসন্তুষ্ট হলেই সাংবাদিককে হেনস্তা করার অধিকার রাখেন না। সংবাদে আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্য-প্রমাণ উপস্থাপন কিংবা আইনি প্রতিকারের পথ খোলা রয়েছে। কিন্তু হামলা ও হুমকি কখনো গ্রহণযোগ্য প্রতিবাদ হতে পারে না।

প্রেস ক্লাবের সংবাদ বর্জনের সিদ্ধান্ত প্রতিবাদের একটি সাংগঠনিক পদক্ষেপ। তবে এ সংকটের স্থায়ী সমাধানই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তে সহযোগিতা, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে প্রশাসনকেও সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সংবাদ বর্জন অনির্দিষ্টকাল চলুক, সেটি কাম্য নয়; বরং এমন পরিস্থিতি তৈরি হোক, যাতে সাংবাদিকদের আর প্রতিবাদের ভাষা হিসেবে সংবাদ বর্জনের পথে যেতে না হয়। সাংবাদিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আস্থার সম্পর্ক ফিরিয়ে আনতে হবে, তবে কোনো সমঝোতাই যেন ন্যায়বিচার ও নিরাপত্তার বিকল্প না হয়। ফরিদগঞ্জে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনা এবং অভিযোগগুলোর স্থায়ী সমাধান করা এখন সময়ের দাবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়