প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৩
মতলবে কৃষি জমির মাটি কাটায় তিনজনকে জেল ও অর্থদণ্ড

মতলব দক্ষিণ উপজেলায় কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করায় অভিযান চালিয়ে তিনজনকে এক বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ধনাগোদা নদীর তীরবর্তী বাইশপুর, উদমদী, বালুচর, লক্ষ্মীপুর ও লামচরী এলাকায় এ জেল ও জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ধারা ভঙ্গের অপরাধে এবং একই আইনের ১৫ ধারা মতে দোষী সাব্যস্ত করে তাদের আজ থেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেল দেওয়া হয়েছে। অভিযানে বাইশপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ট্রলারে ওঠানোর সময় তিনজনকে আটক করে উপজেলা ভূমি কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন : মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি গ্রামের দেলোয়ার হোসেন (৩৮), মাইজকান্দি গ্রামের সাইদুল (৩১) ও একই এলাকার মো. সুজন (৩৭)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী উর্বর কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। আটককৃতরা সেই আইন অমান্য করায় তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








