বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২১:০২

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক সই

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক সই

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। দু প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারক সই উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক ও কৌশলগত জোট বিভাগের পরিচালক মারিও মার্টিন তুলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সফর করে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়।

সফরের শুরুতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অতিথিদের স্বাগত জানান উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধিদলের সৌজন্য বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

সফরের অংশ হিসেবে ডিআইইউর শিক্ষার্থীদের সঙ্গে এএফএ ইন্টারন্যাশনাল প্রতিনিধিদলের একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ঐতিহ্য এবং বাংলাদেশের মানুষের সঙ্গে আর্জেন্টিনা ফুটবলের আবেগঘন সম্পর্ক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল নিয়ে নিজেদের আগ্রহ ও অনুভূতির কথা তুলে ধরেন।

মতবিনিময় পর্বে এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মারিও মার্টিন তুলা বলেন, আর্জেন্টিনা থেকে ঢাকার দূরত্ব ১৬ হাজার কিলোমিটারেরও বেশি হলেও বাংলাদেশের মানুষ, বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও নিঃশর্ত সমর্থন রয়েছে, তা তাঁদের গভীরভাবে স্পর্শ করেছে। এ সময় তিনি আর্জেন্টিনা ফুটবলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশের মানুষের এ ভালোবাসা ও সমর্থনের স্বীকৃতিস্বরূপ এএফএ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয়। এছাড়া সফরের অংশ হিসেবে এএফএ প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ ফুটবল প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করে, যেখানে খেলোয়াড়দের কৌশলগত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সুযোগ-সুবিধা পরিদর্শন করে।

সংশ্লিষ্টদের মতে, আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও এএফএ প্রতিনিধিদলের এ সফর বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। পাশাপাশি ডিআইইউ ও এএফএর মধ্যে সই হওয়া এ সমঝোতা স্মারক ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়