প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৬
মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় বেকারি কর্মচারীর মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটির ধাক্কায় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে তালুকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হয়ে মেঘনা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান এলাকাবাসী। কাছে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয়দের ধারণা, চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে ছিল। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বজনরা পৌঁছালে মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।”








