প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২০:০৫
নানা আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমির ১৮তম মাসিক সাহিত্য সভা সম্পন্ন

লেখক-পাঠকের সরব পদচারণা, স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা, প্রয়াত সদস্যের স্মরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে চাঁদপুরের লেখকদের অংশগ্রহণের স্বীকৃতি—সব মিলিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিলো চাঁদপুর সাহিত্য একাডেমির ১৮তম মাসিক সাহিত্য সভা।
|আরো খবর
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সাহিত্য একাডেমির সাধারণ সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর আখন্দ সেলিমের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সদস্য কাজী রাসেলের সঞ্চালনায় সভায় লেখকেরা তাঁদের স্বরচিত সাহিত্যকর্ম পাঠ করেন। অংশগ্রহণকারী লেখকদের ধন্যবাদ জানান একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী।
স্বরচিত সাহিত্য পাঠ শেষে পঠিত লেখাগুলোর বিষয়বস্তু, নির্মাণশৈলী ও সাহিত্যিক অনুষঙ্গ নিয়ে আলোচনা করেন সাহিত্য একাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মোখলেছুর রহমান ভূঁইয়া, সাধারণ সদস্য ম. নূরে আলম পাটওয়ারী প্রমুখ।
বক্তারা সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলোচনার পাশাপাশি চাঁদপুরে সাহিত্যচর্চার পরিসর সম্প্রসারণ, নতুন লেখক তৈরি এবং সাহিত্যভিত্তিক উদ্যোগকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সাহিত্য পাঠ পর্বে স্বরচিত লেখা পাঠ করেন মো. শাহ আলম, আবদুল গনি, মুহাম্মদ হানিফ, ইয়াছিন দেওয়ান, খাইরুল আলম জনি, তানজিদ কোতোয়াল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী সদস্য সাদ আল-আমিন, সাধারণ সদস্য আরিফুল ইসলাম শান্ত, ইমরান শাকির ইমরু প্রমুখ।
সভায় সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্ক সাহিত্য সম্মেলনে অংশগ্রহণকারী চাঁদপুরের চার লেখক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়া চার লেখককে একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া এমফিলে ভর্তির সুযোগ পাওয়ায় ইমরান শাকির ইমরুকে ফুলেল শুভেচ্ছা এবং উজ্জ্বল হোসাইনকে অভিনন্দন জানানো হয়।
স্বরচিত সাহিত্য পাঠ থেকে শুরু করে লেখার মূল্যায়ন, গুণীজনের স্মরণ এবং দেশ-বিদেশে চাঁদপুরের লেখকদের অর্জনকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে সভাটি সৃজনশীলতা ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়। নিয়মিত এমন আয়োজন চাঁদপুরের সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত লেখক-পাঠকেরা।








