প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭:০৬
আন্তর্জাতিক বাজারে লেমফাইয়ের বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফ

বিশ্বের দ্রুত বর্ধনশীল বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান 'লেমফাই' (LemFi) আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছে ব্রিটিশ-বাংলাদেশি ফিনটেক বিশেষজ্ঞ, ব্যবসায়িক পরামর্শক ও গণমাধ্যম উদ্যোক্তা শাহ ইউসুফকে। তাকে প্রতিষ্ঠানটির 'হেড অব বাংলাদেশ' হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স বাজার বাংলাদেশে দীর্ঘমেয়াদি কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি লেমফাই লন্ডনকে তাদের বৈশ্বিক সদর দপ্তর হিসেবে ঘোষণা করেছে এবং আগামী পাঁচ বছরে যুক্তরাজ্যে ১০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ৩০টিরও বেশি দেশে ২০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে এবং প্রতি মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আন্তর্জাতিক অর্থ লেনদেন পরিচালনা করছে।
ডিজিটাল রেমিট্যান্স প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে লেমফাই অভিবাসীদের জন্যে একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের পাশাপাশি প্রতিষ্ঠানটি মাল্টি-কারেন্সি অ্যাকাউন্ট, সঞ্চয় ও ঋণ সুবিধা, 'সেন্ড নাও, পে লেটার' (SNPL), ক্রেডিট মনিটরিং এবং সম্প্রতি 'ওয়েলথ৮' (Wealth8) অধিগ্রহণের মাধ্যমে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদান করছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের জন্যে সহজ, নিরাপদ ও আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স গ্রহণকারী দেশ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো প্রবাসী বাংলাদেশি প্রতিবছর দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠান। সে কারণে বাংলাদেশের রেমিট্যান্স বাজারকে লেমফাই তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হিসেবে বিবেচনা করছে। নিরাপদ ও সহজলভ্য ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তুলতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
'হেড অব বাংলাদেশ' হিসেবে শাহ ইউসুফ আন্তর্জাতিক পর্যায়ে লেমফাইয়ের বাংলাদেশ রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তার মূল দায়িত্বের মধ্যে থাকবে বাজার সম্প্রসারণের কৌশল নির্ধারণ, ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা এবং কমিউনিটি সম্পৃক্ততা বৃদ্ধি করা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে তিনি কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠানটির বৃহত্তর কৌশল বাস্তবায়নেও ভূমিকা রাখবেন তিনি।
গণমাধ্যমে 'লন্ডন বাংলা', 'এলবি২৪' এবং 'ভডটক'-এর মাধ্যমে পরিচিত শাহ ইউসুফের পেশাগত জীবনের একটি বড় অংশ কেটেছে ফিনটেক ও ব্যবসায়িক পরামর্শ খাতে। বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল, কৌশলগত অংশীদারিত্ব এবং কমিউনিটি সম্পৃক্ততার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন বাজারে প্রবেশ করানো এবং সফলভাবে ব্যবসা সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
লেমফাইয়ে যোগ দেওয়ার আগে টানা পাঁচ বছর তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করেছেন। কমিউনিটি সংগঠন, গণমাধ্যম অংশীদার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইনফ্লুয়েন্সার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাজার সম্প্রসারণ ও নতুন গ্রাহক অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার এই উদ্যোগ হাজারো প্রবাসী বাংলাদেশিকে নিরাপদ ও সহজ ডিজিটাল রেমিট্যান্স সেবা ব্যবহারে উৎসাহিত করেছে।
নতুন দায়িত্ব সম্পর্কে শাহ ইউসুফ বলেন, “লেমফাইয়ের মতো দ্রুত বর্ধনশীল একটি বৈশ্বিক প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত। গত পাঁচ বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং তাদের সঙ্গে আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পেয়েছি। লেমফাইয়ে যোগ দেওয়ার মাধ্যমে সেই অভিজ্ঞতাকে আরও বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে কাজে লাগানোর সুযোগ তৈরি হলো।”
তিনি আরও যোগ করেন, “আমার কর্মজীবনে গণমাধ্যম, ব্যবসা কিংবা ফিনটেক—যে ক্ষেত্রেই কাজ করেছি, মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনা এবং আস্থার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য। সহকর্মী, অংশীদার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মিলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহকে আরও শক্তিশালী করতে চাই। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বৃহত্তর বাজারে অবদান রাখা এবং আরও বেশি অভিবাসী পরিবারকে আধুনিক, নিরাপদ ও সহজলভ্য আর্থিক সেবার আওতায় আনাই আমার লক্ষ্য।”
লেমফাই জানিয়েছে, এই নিয়োগ তাদের বৈশ্বিক সম্প্রসারণ কৌশলেরই অংশ, যেখানে অভিজ্ঞ নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস—ফিনটেক খাতে শাহ ইউসুফের অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার নিবিড় সম্পর্ক বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে বিশ্বজুড়ে অভিবাসীদের প্রথম পছন্দের আর্থিক প্ল্যাটফর্ম হিসেবে লেমফাইয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।








