প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪
আইসিএ’র বিশ্ব সম্মেলনে যোগ দিতে পানামা যাচ্ছেন জসিম উদ্দিন শেখ

ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (আইসিএ)-এর ‘গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলি’তে যোগ দিতে পানামা যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দীন শেখ।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুল হয়ে পানামার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন।
পানামায় অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী এ সম্মেলনে তিনি বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক এ মহাসমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের সমবায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সমবায় আন্দোলনের অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল তুলে ধরবেন তিনি। সম্মেলন শেষে আগামী ২২ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এক প্রতিক্রিয়ায় জসিম উদ্দিন শেখ জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমবায় আন্দোলনের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরটি যেন সফল ও সার্থক হয়, সে জন্য তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নেতৃবৃন্দ, দেশের সর্বস্তরের সমবায়ী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।








