প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১২
কাবার মেহমান হজ্ব কাফেলার ওমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

ওমরাহ পালনের সঠিক নিয়ম-কানুন, ইবাদতের গুরুত্ব ও পবিত্র ভূমিতে করণীয় বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চাঁদপুরে কাবার মেহমান হজ্ব কাফেলার আয়োজনে ওমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডে অবস্থিত দি হিলশা মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ওমরাহ পালনের নিয়ম, গুরুত্ব ও পবিত্র স্থানসমূহের আদব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মাওলানা রবিউল হাসান। তিনি বলেন, "ওমরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদত। পবিত্র কাবা শরিফ ও মসজিদুল হারামে নামাজ আদায়সহ পবিত্র ভূমিতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। একই সঙ্গে সেখানে কোনো ধরনের অন্যায় বা গুনাহের কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।"
তিনি আরও বলেন, "পবিত্র কাবা শরিফ, মসজিদুল হারাম, সাফা-মারওয়া ও আরাফাতের ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যথাযথ আদব ও সম্মান বজায় রাখতে হবে। পবিত্র ভূমিতে গিয়ে মোবাইল ফোনসহ অন্যান্য বিষয়ে অতিরিক্ত সময় ব্যয় না করে প্রতিটি মুহূর্ত ইবাদত ও নেক আমলের মাধ্যমে কাজে লাগাতে হবে।"
কাবার মেহমান হজ্ব কাফেলার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, "গত পাঁচ বছর ধরে আমরা ওমরাহ ও হজ্ব নিয়ে কাজ করছি। আমাদের মাধ্যমে যারা হজ্ব ও ওমরাহ পালন করতে যাবেন, তারা যেন সব নিয়ম-কানুন সুন্দর ও সঠিকভাবে পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।"
তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর ৪৫ জন ওমরাহযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে কাফেলাটি যাত্রা করবে। সেখানে ১৪ দিন অবস্থান শেষে তারা দেশে ফিরবেন।
কাবার মেহমান হজ্ব কাফেলার মাধ্যমে এবার প্রথমবারের মতো ওমরাহ পালনে যাচ্ছেন গাইজুদ্দিন প্রধানীয়া। তিনি বলেন, "চাঁদপুরে অনেকেই হজ্ব ও ওমরাহ নিয়ে কাজ করছেন। তবে আমার অনেক আত্মীয়-স্বজন কাবার মেহমান হজ্ব কাফেলার মাধ্যমে হজ্ব ও ওমরাহ পালন করেছেন; তারা কোনো ধরনের হয়রানির শিকার হননি। তাদের সেবার মান ভালো হওয়ায় আমিও তাদের মাধ্যমে ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছি।"
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা মনির হোছাইন, মাওলানা মফিজুল ইসলাম ও হাসান মাহমুদ। সভায় নারী ও পুরুষ ওমরাহযাত্রীগণ উপস্থিত ছিলেন।








