বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৫৫

গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

চঁাদপুরে অনুষ্ঠিত ‘নদীমাতৃক’ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার (২০ জুন ২০২৬) চঁাদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা পর্বশেষে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন তিনি। তিনিও একজন সংস্কৃতিপ্রেমী মানুষ এমন ঘোষণা শোনার পর এক পর্যায়ে দর্শকদের অনুরোধে নিজেও কণ্ঠ মিলান দেশাত্মবোধক গানে।

মঞ্চে উঠে মিউজিকের তালে তিনি পরিবেশন করেন জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা...।’ প্রতিমন্ত্রীর কণ্ঠে গানটি পরিবেশনের সময় মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে তঁাকে উৎসাহিত করেন। গানের কথায় মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস উঠে আসায় উপস্থিতিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। শিল্পী, সংস্কৃতিকর্মী ও দর্শকরা বিষয়টিকে আন্তরিকভাবে উপভোগ করেন। অনেকেই বলেন, একজন সংস্কৃতিমনা প্রতিমন্ত্রীর কণ্ঠে দেশাত্মবোধক গান পরিবেশনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

নদী ও সংস্কৃতির মেলবন্ধনে মুখর চঁাদপুর

‘নদীমাতৃক’ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজন

কবির হোসেন মিজি \ নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে চঁাদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘নদীমাতৃক’ শিরোনামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নদীকে ঘিরে আবর্তিত বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ উঠে আসে গান, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায়।

গত শনিবার (২০ জুন ২০২৬) বিকেল ৪টায় চঁাদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এতে জেলা শিল্পকলা একাডেমির ব্যানারে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রথম পর্বে নদীভিত্তিক সংগীত, লোকগান, দলীয় ও একক নৃত্য এবং কবিতা আবৃত্তির পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শিল্পকলা একাডেমির পুরো হলরুমে ছিলো দর্শকে ভরপুর।

নদীকে ঘিরে বাংলার জনজীবন, প্রকৃতি, প্রেম, সংগ্রাম ও ঐতিহ্যের নানা দিক শিল্পীদের কণ্ঠ, সুর ও নৃত্যের মাধ্যমে ফুটে ওঠে। একের পর এক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি মিলনায়তন। চঁাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও আবৃত্তিশিল্পীরা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের নান্দনিক পরিবেশনা উপস্থাপন করেন।

প্রথম পর্বশেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং চঁাদপুরে একটি আধুনিক শিল্পকলা একাডেমি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চঁাদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শিল্প-সংস্কৃতির বিকাশে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সংস্কৃতিচর্চা সমাজকে মানবিক ও আলোকিত করে। জেলা প্রশাসনের এমন আয়োজন চঁাদপুরের সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। তিনি জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা পর্বশেষে সন্ধ্যায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দেশাত্মবোধ, লোকঐতিহ্য এবং নদীকেন্দ্রিক জীবনচিত্র নতুন মাত্রা পায়। দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন সিদ্দিকুর রহমান এবং দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন শরীফ চৌধুরী। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন লিটন ভূঁইয়া।

পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা, রফিক আহমেদ মিন্টু, মোবারক হোসেন শিকদার ও ফারুক আহম্মদ।

নদী ও সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘নদীমাতৃক’ অনুষ্ঠানটি চঁাদপুরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে একটি উপভোগ্য ও স্মরণীয় আয়োজন হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়