প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬
চাঁদপুর বনবিভাগ সড়কে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি

চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের খলিশাডুলীর বনবিভাগ পাটোয়ারী বাড়ি সড়ক এলাকায় এক প্রবাসীর বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে প্রবাসীর স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
|আরো খবর
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কন্যার চিকিৎসার জন্য পরিবারের সবাই ঢাকায় যাওয়ার সুবাদে নান্নু পাটোয়ারী নামের এক ব্যক্তিকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ছয় দিন পর বাড়িতে ফিরে ঘরের ভাঙা দরজা ও লণ্ডভণ্ড অবস্থা দেখতে পান তারা। চোরেরা আলমারির ড্রয়ার ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা), নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, কিছু মূল্যবান কাগজপত্র এবং আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ বিষয়ে কেয়ারটেকার নান্নুর কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।
স্থানীয়দের ধারণা, বাড়িটিতে লোকজন না থাকার সুযোগ নিয়ে এলাকার কোনো মাদকসেবী চক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী চাঁদপুর সদর মডেল থানার এসআই বিল্লাল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘরের দরজা ভাঙার প্রমাণ পেয়েছে। তবে বাড়িটি নির্জন স্থানে অবস্থিত হওয়ায় এবং আশেপাশে কোনো সিসি ক্যামেরা না থাকায় তদন্তে কিছু চ্যালেঞ্জ রয়েছে। পুলিশ ভুক্তভোগী পরিবারকে সন্দেহভাজন মাদকসেবী বা ব্যবসায়ীদের নাম জানানোর পরামর্শ দিয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।







