রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২০:০৯

ফরিদগঞ্জ থেকে নিখোঁজের তিন দিন পর ঢামেক মর্গে মিললো সাবেক অডিট অফিসারের মরদেহ

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জ থেকে নিখোঁজের তিন দিন পর ঢামেক মর্গে মিললো সাবেক অডিট অফিসারের মরদেহ

গ্রামের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মিললো এনায়েত উল্ল্যা পাটওয়ারী (৭০) নামে এক সাবেক অডিট অফিসারের মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর নিকটাত্মীয় তারেক বাবু।

এনায়েত উল্ল্যা পাটওয়ারীর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের ভুঁইয়া গাজী বাড়িতে। চাকরিজীবনে তিনি দীর্ঘকাল ঢাকায় বসবাস করেছেন; অবশেষে স্মৃতিভ্রংশ অবস্থায় সেই ঢাকাতেই তাঁর জীবনের ইতি ঘটলো।

তারেক বাবু জানান, সাবেক অডিট অফিসার এনায়েত উল্ল্যা পাটওয়ারী সম্পর্কে তাঁর খালু। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী গৃদকালিন্দিয়া বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। বার্ধক্য ও স্ট্রোকজনিত কারণে তাঁর কিছুটা স্মৃতিভ্রম (স্মৃতিশক্তি লোপ) সমস্যা ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে স্বজনরা ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে ঢামেক হাসপাতালের মর্গে থাকা একটি অজ্ঞাতনামা মরদেহের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) মিলিয়ে এনায়েত উল্ল্যা পাটওয়ারীর পরিচয় শনাক্ত করে কর্তৃপক্ষ। পরে রোববার (২৯ নভেম্বর ২০২৬) ঢামেক কর্তৃপক্ষ ফরিদগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ জিডির সূত্র ধরে স্বজনদের তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

তবে তিনি গৃদকালিন্দিয়া থেকে কীভাবে ঢাকায় গেলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে স্বজনরা কিছু জানতে পারেননি। ব্যক্তিগত জীবনে তাঁর ছেলে ফয়সাল ফরিদগঞ্জ আদর্শ একাডেমির একজন শিক্ষক।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাত মরদেহটি এনায়েত উল্ল্যা পাটওয়ারীর বলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়