প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:০৪
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর অপরাধে দু বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে দু মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাজারে একটি অসাধু চক্র চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রি করে আসছিলো। এলাকাবাসীর এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় কালীবাড়ি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত দু ব্যবসায়ী নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফায়দুল্লাহ মিয়া এবং উপজেলা আনসার সদস্যবৃন্দ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, "জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"








