প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬
কিছু মাল্টিপারপাস সমিতি সাধারণ মানুষের কাছ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সুদ আদায় করছে
জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবায়ের নামে অতিরিক্ত সুদ আদায়, অনিয়ম ও সাধারণ মানুষের অর্থ-সম্পদ হাতিয়ে নেয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
|আরো খবর
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় একটি গুরুত্বপূর্ণ খাত। সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোক্তাদের নিয়ে ভাবছেন, যাতে তাঁরা সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন। তিনি বলেন, কিছু মাল্টিপারপাস সমিতি সাধারণ মানুষের কাছ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সুদ আদায় করছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই সরকারি তালিকাভুক্ত নয়। তারা সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, এমনকি মানুষের জমিজমাও হাতিয়ে নিচ্ছে। সরকারি নিবন্ধন ও বিধিবিধান অনুসরণ না করে কেউ সমবায়ের নামে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
কৃষকদের ঋণপ্রাপ্তির বিষয়ে সংসদ সদস্য বলেন, দেশে প্রায় সাড়ে তিন কোটি কৃষক রয়েছে। যেসব কৃষকের কৃষিঋণ প্রয়োজন, তাদের ঋণ পেতে তিনি সহযোগিতা করবেন। চাঁদপুরের একটি চান্দ্রা সমিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মানুষের কাছ থেকে টাকা আদায় করতে না পারলে মামলা করা এবং অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগ রয়েছে। সমবায়ের প্রচলিত নিয়মনীতি না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
জেলা সমবায় কর্মকর্তা শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদৌস। জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান জসিম উদ্দিন খান বাবুলসহ সরকারি দপ্তর ও সমবায় বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








