শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২২:২৬

মতলব উত্তরে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ, ২ জনের কারাদণ্ড

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ, ২ জনের কারাদণ্ড

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ৫৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩টি নৌকা জব্দ ও ৭ জনকে আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ৭টা থেকে বেলা ১১টা ও বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর দক্ষিণ বোরোচর, কালিরচর এবং বাহেরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ৭ জনের মধ্যে দুজনকে ১৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো- চাঁদপুর সদর উপজেলার মোমিন আলী গাজী (৩৫) ও মতলব উত্তর উপজেলার জাহাঙ্গীর আলম বেপারী (৫৫)।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, মেঘনা নদীতে যৌথ অভিযানে ৫৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩টি নৌকা জব্দ ও ৭ জনকে আটক করা হয়েছে। আটক ২জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাগুলো পরবর্তীতে নিলাম করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়