প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২১:০৮
চাঁদপুর জেলা শিল্পকলায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উদযাপনে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মরমি সাধক ও মানবতাবাদী বাউল সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চাঁদপুরে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুরের যৌথ উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ, এনডিসি নাহিদ ইকবাল, সাংবাদিক ইকবাল পাটোয়ারী ও ফারুক আহাম্মদ।
এছাড়াও সাংস্কৃতিক সংগঠক মাঈনুদ্দিন লিটন ভূঁইয়া, শরীফ চৌধুরী, থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু, কবি ও সাহিত্যিক মুহাম্মদ ফরিদ হাসান, মাইনুল ইসলাম মানিক, লেখক ও সংগঠক উজ্জ্বল হোসাইন, মোহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্তসহ স্থানীয় সংস্কৃতি কর্মী, সংগঠক ও বিপুলসংখ্যক সংস্কৃতি অনুরাগী অনুষ্ঠানে অংশ নেন।
আলোচকরা বলেন, ফকির লালন শাহ বাংলা লোকসংগীত, বাউল দর্শন ও মানবতাবাদী চিন্তার এক অনন্য পথিকৃৎ। তাঁর গান ও অমর দর্শন যুগে যুগে মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা, মানবপ্রেম এবং আত্মোপলব্ধির বার্তা ছড়িয়ে দিয়েছে। এ ধরনের স্মারক অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে লালনের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম সঠিকভাবে তুলে ধরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা লালন সাঁইয়ের কালজয়ী ভাবসংগীত পরিবেশন করেন।








