শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:১১

সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা উদযাপনে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে সর্বদলীয় মতবিনিময় সভা

সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা উদযাপনে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে সর্বদলীয় মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতিকে সামনে রেখে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে চাঁদপুরে গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বদলীয় ঐক্যের অনন্য দৃষ্টান্ত। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের বাসভবন ‘মুনিরা ভবন’-এ এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আমন্ত্রণে ও উদ্যোগে আয়োজিত এ সভায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এক টেবিলে মিলিত হন। সভায় জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, গণফোরাম, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম এবং ছারছিনাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “বাংলাদেশ আবহমানকালের সম্প্রীতির দেশ। 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার'—এই নীতিতে বিশ্বাস রেখে আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে হবে। চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ ভয়হীন, নিরাপদ ও আনন্দময় পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সবাই প্রস্তুত। পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রেখে উৎসব উদযাপনে সবাইকে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা মণ্ডপগুলোতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আইনশৃঙ্খলা রক্ষা ও উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি এলাকায় সকল দলের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করবেন।

রাজনৈতিক সচেতন মহলের মতে, এই অভূতপূর্ব সর্বদলীয় বৈঠকের মাধ্যমে চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হলো।

উল্লেখ্য, বৈঠকে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পাশে উপস্থিত ছিলেন গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া (যিনি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লক্ষের বেশি ভোট পেয়েছিলেন)। জাতীয় নির্বাচনের পর চাঁদপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ব্যতীত প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এটাই প্রথম সর্বদলীয় বৈঠক বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়