প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ২১:২৩
পূজামণ্ডপগুলো পরিদর্শনে চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
নিরাপত্তা, সিসিটিভি ও পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্বারোপ

।শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর শহরের অধিকাংশ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
|আরো খবর
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) চাঁদপুর পৌর এলাকার ৩৫টি পূজামণ্ডপের মূল প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন তারা। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পরিদর্শকরা।
পরিদর্শনকালে চাঁদপুর সদর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা বলেন, "আমরা কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রায় সব পূজামণ্ডপ ঘুরে দেখেছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে প্রতিটি মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীদের বিষয়ে নিবিড় খোঁজখবর নিয়েছি।"
তিনি আরও বলেন, "মণ্ডপের ভেতরের সুরক্ষার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে এলাকার অপরিচ্ছন্ন স্থানগুলো দ্রত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সবাই যেন কোনো ধরনের শঙ্কা ছাড়া আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।"
পৌর পূজা পরিষদের সভাপতি উল্লেখ করেন, বর্তমান সরকার ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর শহরে একটি সুন্দর ও সার্বজনীন দুর্গোৎসব উদযাপন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন সরকার জয়, সহ-সভাপতি চন্দন দে, অ্যাডভোকেট বিশ্বজিৎ কর, মহিলা বিষয়ক সম্পাদিকা মাধবী সাহা, রাজু দে ও সংকেত সাহাসহ পরিষদের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনশেষে মণ্ডপগুলোকে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও আনন্দমুখর রাখতে আয়োজক কমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।








